বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পালন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 11:57 PM
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পালন
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০।
দিবসটি সকাল সাড়ে ৭টায় আইসিটি বিভাগের উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শুরু হয় ।
দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) প্রতিবারের মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে আয়োজনে অংশগ্রহণ করে । এসময় বাক্কোর সভাপতি জনাব ওয়াহিদ শরীফ, সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেন, ডিরেক্টর জনাব আবু দাউদ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরবর্তীতে সকাল ১০টায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুস্থিত হয় ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকেন ।
এইবার বাক্কো অত্যান্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছে যে বাক্কোর ২টি সদস্য প্রতিষ্ঠান দুইটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে । বেসরকারি পর্যায়ে কারিগরি খাতে নিরাপদ ইন্টারনেট ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করায় ফিফো টেক এবং সাধারণ খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মানোন্নয়ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিনেসিস আইটি লিমিটেড পুরস্কার অর্জন করে ।
বিকালে ডিজিটাল বাংলাদেশ দিবস প্রতিপাদ্য নির্ভর জাতীয় সেমিনার এবং রাতে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয় । সেমিনারে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ।
ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনে প্রতিটি আয়োজনে বাক্কোর সক্রিয় অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয় ।