প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে আটজন মিলে প্রেমিকাকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 8:19 PM
প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে আটজন মিলে প্রেমিকাকে ধর্ষণ
বনের মধ্যে গাছের সঙ্গে যুবককে বেঁধে রেখে তার প্রেমিকাকে আটজন মিলে ধর্ষণ করার অভিযোগ মিলেছে। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, অক্সিজেন থেকে ওই যুবক তার প্রেমিকাকে তাদের গ্রামের বাড়ি ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় আটজন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে বনের মধ্যে নিয়ে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করেন তারা।
এ ঘটনার খবর পেয়ে নির্যাতনের শিকার তরুণী ও যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ ব্যাপারে আটজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
মামলার আট আসামির মধ্যে উপজেলার নারায়নহাট ইউনিয়নের চানপুর গ্রামের পারভেজ, ইয়াসিন, ফরিদ, সালাউদ্দীন ও আবুল মনসুরকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।
এই বিষয়ে ভূজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো জানান, নির্যাতনের শিকার মেয়েটি ষ্টারশিপ কোম্পানির একটি কারখানাতে চাকরি করেন। ডাক্তারি পরীক্ষার জন্য এই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।