আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : এমপিপুত্র হাসান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 5:11 PM
আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : এমপিপুত্র হাসান
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য (এমপি) হাফেজ রুহুল আমীন মাদানী ও তার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি এমপিপুত্র হাসান মাহমুদ।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, সম্প্রতি একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার বাবা হাফেজ রুহুল আমীন মাদানী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ওই চক্র আমার বাবা ও পরিবারকে হেয়প্রতিপন্ন করার হীন প্রয়াস চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, পুলিশের হেড কোয়ার্টার, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন স্থানে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব প্রচার করা হচ্ছে।
তবে কে বা কারা কী ধরণের তথ্য প্রচার করছে তা স্পষ্ট করেননি এমপিপুত্র হাসান মাহমুদ।
তিনি আরও বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার জন্য টাকা আত্মসাতের একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে আমাকে, আমার বাবা এমপি হাফেজ রুহুল আমিন মাদানী ও পরিবারের অন্যান্য সদস্যদের জড়িয়ে মিথা তথ্য ছড়ানো হয়েছে। যার সঙ্গে আমি বা আমার পরিবার কোনোভাবেই সম্পৃক্ত নয়। যে বা যারাই ফেসবুকে এমন গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি এমপি হাফেজ রুহুল আমীন মাদানী ও তার ছেলে হাসান মাহমুদের মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে দরিদ্র কৃষক আবুল কালাম শেখের ছেলের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন তাদের অনুসারী তোফাজ্জল হোসেন। যার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।