|
সাংবাদিকের ওপর হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, গাজীপুরে ক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাংবাদিকের ওপর হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, গাজীপুরে ক্ষোভ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক নেতারা জিএমপি কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। সাংবাদিকদের অভিযোগ, গত ১৩ আগস্ট গাজীপুর মহানগরের গাছা এলাকায় ‘ইন্ডোসর’ পোশাক কারখানার সামনে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া চলছিল। এ সময় গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার মোবাইল ফোন ভাঙচুরের পাশাপাশি রামদা দিয়ে মাথায় কোপ দেয়। গুরুতর আহত টুটুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গাছা মেট্রো থানায় মামলা হলেও মঙ্গলবার পর্যন্ত মামলার নয়জন নামীয় আসামির কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে সাংবাদিক নেতারা অভিযোগ করেন। তাদের দাবি, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিকের ওপর হামলার পরও আসামিদের গ্রেপ্তারে বিলম্ব সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। মানববন্ধনে গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সমাবেশে বক্তারা আরও বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক, তদন্তে তা বিবেচনার বিষয় হতে পারে না। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাজীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
