টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় উজ্জল ও লিটন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে নিহত আব্দুল লতিফ খানের ছেলে হাবিব খান বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন।
বাসাইল থানার ওসি হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
ওসি হারুনুর রশিদ বলেন, ওই বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউপির মটরা গ্রামে কয়েকদিন ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খানের মধ্যে দুটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা লতিফ খান ও আবু খানের পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার বিকালে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
সালিশের একপর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজসহ কয়েকজনে মিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে কিলঘুষি ও লাথি মেরে আহত করে। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।