রোগ নির্ণয় ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব না করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শনিবার রাজধানীর মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রূপনগর শাখার উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি হাসপাতাল স্থাপন করে স্বল্প খরচে গ্রামীণ জনপদে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
তিনি বলেন, চিকিৎসার জন্য শুধু হাসপাতাল ভবন নির্মাণ করলে হবে না, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ টেকনিশিয়ান ও নার্সও নিশ্চিত করতে হবে।
রোগীদের সঙ্গে সবসময় মানবিক আচরণ করা ও তাদের আন্তরিক সেবা প্রদানের জন্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
কামাল আহমেদ মজুমদার বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে অনেক বড় বড় হাসপাতাল রোগীদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় তিনি স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা ও গরীব-অসহায়দের বিনামূল্যে চিকিৎসা প্রদানে আন্তরিক হওয়ার জন্য ডাক্তারদের সহায়তা কামনা করেন। এছাড়া সেবার নামে রোগীদের যাতে হয়রানি না করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপনগর থানার অফিসার-ইন-চার্জ আবুল কালাম আজাদ, পল্লবী থানার অফিসার-ইন-চার্জ কাজী ওয়াজেদ আলী, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফরহাদ হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু প্রমুখ।