স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে একমাস ধরে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 10:04 PM
স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে একমাস ধরে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান নয়ন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।
গ্রেপ্তার আশিকুর রহমান নয়ন (২৫) আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা মাশকুর রহমান বলেন, ‘স্কুলের পথে না পেয়ে গত ২৮ জুলাই মধ্যম গহিরায় বাড়িতে গিয়ে নয়ন ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। গরীব হওয়ায় ভয়ে মেয়ের পরিবার এই বখাটের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা করতে পারেননি। বরং তুলে নেওয়ার পর তারা গ্রাম ছেড়ে চলে যান। ওই ছাত্রীকে নানা ভয়ভীতি দেখিয়ে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার একটি কক্ষে টানা এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি ওই ছাত্রীর মা র্যাব কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে আনোয়ারা উপজেলার মধ্যম গহিরার বাইঘ্যারঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো বলেন, ‘নয়ন মেয়েটিকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে মেয়েটির পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারপরও নয়নের হাত থেকে তাকে রক্ষা করতে পারেনি। নয়ন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারের পর নয়ন মেয়েটিকে উত্যক্ত ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাকে মঙ্গলবার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।