ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলমান : কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:41 PM

আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলমান : কাদের

আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলমান : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।’

সাম্প্রতিক সময়ে দলীয় নেতাদের মৃত্যুতে রোববার (৩ আগস্ট) রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।’

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

তিনি বলেন, ‘তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ। আওয়ামী লীগ একটি বৃহৎ পরিবার, দেশ বিদেশে যেখানেই এ পরিবারের সদস্যরা অবস্থান করুক-প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই বিনিসুতার মালার মতো অবিচ্ছেদ্য এক বন্ধনে আবদ্ধ।’

তিনি বলেন, ‘জাতির আদর্শের ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। যে যেখানেই জীবন-জীবিকার প্রয়োজনে অবস্থান করুক না কেন সবাই হৃদয়ের গভীরে লালন করে লাল সবুজের বাংলাদেশ।’

কাদের বলেন, ‘জাতির চেতনার উৎসমূলে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, আমাদের স্বপ্নের সোনালী দিগন্ত জুড়ে আলো ছড়ায় বঙ্গবন্ধু কন্যার দেখানো সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমরা সমৃদ্ধি অর্জনের পথ ধরে হাঁটি আর সে পথ নকশায় বিশ্বাসের অফুরন্ত শক্তি যোগায় ডিজিটাল বাংলাদেশ, যার রূপকার নতুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়।’

মন্ত্রী বলেন, ‘বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে বিষুব রেখার প্রান্তজুড়ে ঘন অমানিশা। করোনা মহামারি স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে, গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি। আমরা আমাদের শক্তি ও মনোবল অর্জন করেছি বারবার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা হিমালয়সম এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে, যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কাদের বলেন, ‘তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সকল পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন আমাদের নিয়ন্ত্রণে।’

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরে তা প্রচার করুন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status