পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:07 PM
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।
গত মঙ্গলবার (১৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
করোনাভাইরাস মহামারির মধ্যে ভারত থেকে প্রথম পার্সেল ট্রেন প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ নিয়ে বাংলাদেশে এসেছে। অন্ধ্র প্রদেশ থেকে ট্রেনটি সোমবার (১৩ জুলাই) বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। এ ধরনের বাণিজ্য যোগাযোগ দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আলোচনায় উঠে আসে।
২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধি নিষেধের কারণে দু'দেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য প্রভাবিত হয়েছে। সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন কমাতে এর আগে ভারতের হাই কমিশন বাংলাদেশ রেলপথকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার জন্য প্রস্তাব করেছিল।
এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, আন্তর্জাতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ সম্মেলনের দায়িত্বে থাকা বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমান ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস তার দায়িত্ব নিয়ে ২০১৯ সালের ১ মার্চ ঢাকায় আসেন।