যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:54 PM
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল
করোনা মহামারির কারণে অনলাইনে ক্লাস করা বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। নিউইয়র্ক টাইমস ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টির সঙ্গে যুক্ত এক ফেডারেল বিচারক। মঙ্গলবার মার্কিন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে একটি সমঝোতা করেছে।
বিচারক অ্যালিসন ডি. বারোজ ঘোষণা দিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুসারে অনলাইনে ক্লাস নেয়া কোনও প্রতিষ্ঠানের কোনও বিদেশি শিক্ষার্থীকেই ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের বদলে হোয়াইট হাউস এখন থেকে নতুন বিদেশি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন নিয়ম জারির চিন্তাভাবনা করছে।
নিউইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা সাংবাদিক এলিজাবেথ স্পাইয়ার্স বলেন, অনেক শিক্ষার্থী এই ভিসার ওপর নির্ভরশীল এবং তারা নিজ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্যসহ অন্যান্য সমস্যার কারণে অনলাইন ক্লাসে ঠিকমতো যোগ দিতে পারবে না।