বাফুফে নির্বাচন নিয়ে অপপ্রচারের জবাব দিলেন সালাম মুর্শেদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 8:27 PM
বাফুফে নির্বাচন নিয়ে অপপ্রচারের জবাব দিলেন সালাম মুর্শেদী
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ। নির্বাচনও হওয়ার কথা ছিল। তবে মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা তা স্থগিত করেছে । তবে একটি বিশেষ গোষ্ঠী এ করোনা কালীন পরিস্থিতিতে বাফুফে তড়িঘড়ি করে নির্বাচন করতে চায় মর্মে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। যাকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন বাফুফে সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন বাফুফে নির্বাচনকে সামনে রেখে বাফুফে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজকর্ম পরিচালনা করেছে। যেমন নির্বাচন কমিশন গঠন এবং বাফুফের আওতাধীন বিভিন্ন ক্লাব ও সংস্থা হতে তাদের ডেলিগেটের নাম সংগ্রহ করা। বাফুফে নির্বাচনী সাধারণ সভা আয়োজনের পরবর্তী দিনক্ষণ, স্থান নির্ধারণের ক্ষেত্রে বাফুফে কার্যনির্বাহী কমিটি কর্তৃক পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাফুফে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে এমর্মে পুনরায় উল্লেখ করে তিনি আরো বলেন, বাফুফে কার্যনির্বাহী কমিটি করোনা সংক্রান্ত বিষয়ে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে। অদ্যবধি সেই একই সিদ্ধান্তে বাফুফে কার্যনির্বাহী কমিটির অবস্থান।
তিনি আশ্বস্ত করে বলেন, করোনা কালীন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও ফিফাকে অবহিত করে বাফুফে কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তের আলোকে বাফুফে নির্বাচনি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনী সাধারণ সভা-২০২০ বাফুফে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ এপ্রিল ২০২০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে এ মর্মে ৩১ মার্চ ২০২০ এ বাফুফের নির্বাচনী সাধারণ সভা-২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।