উত্তেজনাকর এলাকায় ৭২ ঘণ্টায় ব্রিজ নির্মাণ করল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 8:23 PM
উত্তেজনাকর এলাকায় ৭২ ঘণ্টায় ব্রিজ নির্মাণ করল ভারত
উত্তেজনাকর এলাকায় ৭২ ঘণ্টায় গলওয়ান ব্রিজের নির্মাণ কাজ শেষ করেছে ভারত। শনিবার ইন্ডিয়া টুডে জানায়, সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী তাদের প্রকৌশলী মোতায়েন করে সামরিক এ স্থাপনার কাজ সমাপ্ত করে।
খবরে আরো বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) নিকটবর্তী পয়েন্টগুলোতে ভারতীয় সামরিক ইউনিটগুলোকে সহজে প্রবেশাধিকার দিতে কৌশলগত গুরুত্বপূর্ণ এ ৬৮ মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজ বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছিল। এরপর সেনাবাহিনী দুইঘণ্টা যানবাহন চালিয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে। চীন কর্তৃপক্ষের চরম উস্কানিমূলক মন্তব্য ও সহিংসতার মধ্যে সেতুটি বেইজিংয়ের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
‘বেইলি ব্রিজ’ নামের এ সেতুটি পদাতিক যোদ্ধা যানবাহনসহ সকল প্রকারের সামরিক যানবাহন দ্রুত পরিবহনের জন্য ধাতব পদার্থ দিয়ে তৈরি এক প্রকারের বহনযোগ্য সেতু।
ভারতীয় সেনাবাহিনীর নির্দেশাবলী ছিল সুনির্দিষ্ট- যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটি শেষ করতে প্রয়োজনীয় যে কোনো সংস্থান ব্যবহার করুন। ইঞ্জিনিয়াররা ব্রিজটি শেষ করার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে পদাতিক সদস্যদের মোতায়েন করা হয়।
শীতল তাপমাত্রায় মঙ্গলবার ও বুধবার দুই দিন রাতে পুরোদমে কাজ চলে। ভারতীয় সেনাবাহিনীর বিভাগীয় কমান্ডার মেজর জেনারেল অভিজিৎ বাপাত সেতুর অগ্রগতি সম্পর্কে একটি নির্দিষ্ট ব্রিফিং পেয়েছিলেন।
এর আগে সোমবার রাতভর সংঘর্ষের পর মঙ্গলবার সকালে নদীর পূর্ব দিকে কয়েক কিলোমিটার উজানে সেনা সদস্যদের লাশ ভেসে ওঠে। এ সংঘর্ষে ২৩ ভারতীয় সেনা নিহত হন। এরপরই সেনাবাহিনীর পর্বত বিভাগ তাদের আর্মি ইঞ্জিনিয়ার্স ইউনিটকে কোনও বিলম্ব না করে সেতুর নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছিল।