সৌদি আরবের সমালোচনার প্রেক্ষিতে দেশটির সঙ্গে আলোচনায় বসতে রিয়াদ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী বাহিনী। লন্ডনভিত্তিক পত্রিকা আল-কুদস আল-আরাবিয়া জানায়, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বুধবার সৌদি আরবে পৌঁছেছে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। এ আলোচক দলটির নেতৃত্ব দিচ্ছেন এসটিসির প্রধান আইদারোজ আল-জুবাইদি। আল-জুবাইদির ডেপুটি হানি আলি বিন বিরিক এই দলে নেই। কারণ সৌদি আরব তার সমালোচনা করেছিল।
ইয়েমেনের দক্ষিণ উপকূলে দেশটির নৌবাহিনীকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না এসটিসি। তারই সমালোচনা করেছিল সৌদি আরব। বিবৃতিতে বলা হয়, সাউথ ইয়েমেন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের নৌবাহিনীকে দক্ষিণ উপকূলে কাজ করতে না দেয়ায় পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
এ বিবৃতি আসার কয়েক ঘন্টা আগে সেখানে ব্রিটিশ একটি জাহাজ অভিযোগ করেছিল তারা জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছে। কিন্তু এসটিসি জানায়, তারা দেশটির শাসক নিয়ন্ত্রিত এ সন্ত্রাসী বাহিনীর হাতে উপকূলের দায়িত্ব হস্তান্তর করবে না। সূত্র: মিডলইস্ট মনিটর