নিজের বাড়িতে মরে পড়ে আছে ব্যবসায়ী, এগিয়ে আসছে না কেউ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:34 PM
নিজের বাড়িতে মরে পড়ে আছে ব্যবসায়ী, এগিয়ে আসছে না কেউ
করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ির কক্ষে মৃত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যবসায়ী (৬০)। পরিবারের সদস্যরা আহাজারি করলেও এলাকার কেউ এগিয়ে আসছেন না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালেরবাগ এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত ১০/১২ দিন আগে ওই ব্যবসায়ী জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ হন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সে সময়ে তার নমুনা পরীক্ষার জন্য রক্ত ও থুথু রেখে দেন চিকিৎসক। এরপর তিনি আজ মঙ্গলবার দুপুরে মারা যান। তিনি হার্টের সমস্যা ও ডায়াবেটিক রোগী ছিলেন।
স্থানীয়রা আরো জানান, ষাটোর্ধ ওই ব্যবসায়ী মারা যাওয়ার পর বাড়ির বাইরে লোকজন জমায়েত হতে শুরু করে। তবে পরিবারের সদস্যরা আহাজারি করলেও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকার কেউই তাদের কাছে এগিয়ে যাননি।
ফতুল্লা মডেল থানার ওসি (অপারেশন) তরিকুল ইসলাম জানান, শ্বাসকষ্ট, হার্ট ও ডায়াবেটিক রোগী ছিলেন ওই ব্যবসায়ী। কয়েক দিন আগে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়েছিল। আজ মৃত্যুবরণ করেছে। পরিবারে এক নারী ও দুই শিশু সদস্য ছাড়া আর কেউ নেই। এছাড়া নমুনা পরীক্ষাও করা হয়নি। আমরা ইউএনও ও স্থানীয় মেম্বারকে ঘটনাটি জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছেন।