অসংখ্য নন্দিত গানের শিল্পী সামিনা চৌধুরী। তার কণ্ঠে ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘আমার দুই চোখে দুই নদী’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘কবিতা পড়ার প্রহর’ গানগুলো শ্রোতাদের কাছে তাকে স্মরণীয় করে রেখেছে।
ছোটবেলায় নতুন কুড়ি প্রতিযোগিতা দিয়ে গানের জগতে পা রাখেন এ শিল্পী। এরপর ৪০ বছরের বেশি সময় ধরে গান নিয়েই আছেন গুণী এ শিল্পী। গানের জন্য স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। সংগীতের দীর্ঘ পথচলার গুরুত্বপূর্ণ ঘটনাসহ নিজের ব্যক্তিগত জানা অজানা তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করবেন সামিনা চৌধুরী।
বেসকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ বুধবারের অতিথি হয়েছে এ সঙ্গীতশিল্পী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে সামিনা চৌধুরীর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। জানা গেছে ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে বুধবার রাত ১১টা ২৫মিনিটে সম্প্রচারিত হবে।
এদিকে গেল মাসে ‘আমি তোমার কই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন সামিনা চৌধুরী। এ মিজানের কথায় গানটির সুর করেন বেলাল খান। গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
মূলত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজনকে ঘিরেই নতুন এ গানটি তৈরি হয়। শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করা হবে গানটি।