বয়স্কভাতা নিয়ে ফেরার পথে গাছচাপায় প্রাণ গেল চারজনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 4:45 PM
বয়স্কভাতা নিয়ে ফেরার পথে গাছচাপায় প্রাণ গেল চারজনের
ঢাকার ধামরাইয়ে বয়স্কভাতা নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন চার ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় গাছচাপায় প্রাণ হারিয়েছেন অটোরিকশার ওই চার যাত্রী।
নিহতরা হলেন, উপজেলার বাইচাল গ্রামের নুরু, কামারপাড়া গ্রামের শামসুল, তেলিগ্রামের মাজেদা ও একই গ্রামের আয়শা। এছাড়া শেফালীসহ আহত হয়েছেন আরো তিনজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউপি হতে বয়স্ক ভাতা নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের অটোরিকশার ওপর পড়ে। এতে চারজনের মৃ্ত্যু হয়। এ সময় আহত তিনজনকে কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।