ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 9:26 PM

কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী

কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী

কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত করেছে এক কিশোর। এতে গুরুতর আহত হয় ওই ছাত্রী। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তবে হামলার দৃশ্য ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়ও ধরা পড়েছে। একইসঙ্গে এরই মধ্যে তাকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করা হয়েছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বয়স ১৭ বছর। মজমপুর এলাকার বাসিন্দা। স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সে। তাকে আটকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কলবেল চেপে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ছাত্রী। হঠাৎ ছুরি হাতে ছুটে আসে এক কিশোর। পেছন থেকে এসেই ধারালো ছুরি দিয়ে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক কিশোর কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকে। ওই ছাত্রী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।

আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।

কোন বিরোধে এমন ঘটনা

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এটি আকস্মিক কোনও হামলা ছিল না, বরং দীর্ঘদিনের উত্ত্যক্তের জের এবং ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীর করা অভিযোগের ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে। তারা দুজনে পূর্বে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে পরিচয় হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং নানাভাবে উত্ত্যক্ত করেছিল। বিষয়টি ছাত্রীর পরিবার থেকে ওই কিশোরের পরিবারকে জানানো হয়। এর ফলে সাময়িকভাবে উত্ত্যক্ত করা বন্ধ রাখলেও মনে মনে ক্ষোভ পুষে রাখে ওই কিশোর।

বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাতবাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
ছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তাকে ধরতে অভিযান চলছে পুলিশের 

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‌‘ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা কিশোরকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।’

এখন কী অবস্থা ছাত্রীর

আহত ছাত্রীকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত ছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। ওসব স্থানে সেলাই লেগেছে।চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও সুস্থ আছে।  

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমি অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ছাত্রীর অবস্থা ভালো আছে। তাকে সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status