রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- রাজমিস্ত্রী রবিউল ইসলাম (৩৫), রড মিস্ত্রী মিলন শেখ (৩৫), ঢালাই মিস্ত্রী আ. রশিদ (৬০) ও ইলিয়াস হোসেন (৩৫)।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, ডিবি অফিসের নতুন প্রধান ফটক নির্মাণের কাজ করছিলেন তারা। বেশ কিছুদিন ধরেই সেন্টারিং এবং রডের কাজ চলছিল। সকাল থেকে গেটের উপরে ছাদে ঢালাই করা হচ্ছিল। গেটটি ২৫ ফিট উঁচু ও সেন্টারিংয়ের বাঁশ জোড়া লাগানো হওয়ায় ঢালাইয়ের সময় অতিরিক্ত চাপে এবং সেন্টারিং এর বাস ভেঙে ছাদ ধসে পড়ে। এতে ছাদের উপরে থাকা এবং নিচে থাকা তারা ৪ নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আহত ৪ জনের হাত-পা মাথাসহ শরীরের কিছু অংশ আঘাত লেগেছে।তাদের অবস্থা আশঙ্কামুক্ত।