পাকিস্তানের মাটিতে ইতিমধ্যেই দুই দফা সফর শেষ করেছে বাংলাদেশ। আগামী এপ্রিলে তৃতীয় দফা সফরে একটি করে ওয়ানডে এবং টেস্ট খেলবে টাইগাররা। তবে গত দুই দফার মতো তৃতীয় দফায়ও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন মুশফিকুর রহিম। সম্প্রতি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন। বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফিও।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব অক্ষুণ্ন রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বিসিবি সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন, এটাই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়ক ঠিক করা হবে। ম্যাশের কাছে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, সাধারণ একজন খেলোয়াড় হিসেবে যদি পাকিস্তান সফরে ডাকা হয়, তাহলে তিনি যাবেন কিনা।
টাইগার ক্যাপ্টেন বলেন, 'আমি জানি না জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর কী হবে। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে আমাকে যেখানে ডাকা হবে সেখানেই আমি যাব। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। বোর্ড আমাদের কথা একবার দুইবার নয়, ১০বার ভেবে তবেই সিদ্ধান্ত নেয়। আমরা বোর্ডকে রেসপেক্ট করি। আমাদের উচিত বোর্ডের সিদ্ধান্ত চুড়ান্ত ভাবার।'
বোর্ডের পাশে দাঁড়িয়ে মাশরাফি আরও বলেন, 'পাকিস্তানে গিয়ে যদি আমাদের কোনো ক্রিকেটারের কোনো কিছু হয়, তবে তাদের পরিবারের চেয়ে বোর্ড সবচেয়ে কষ্ট পাবে। উনারা এইটা দশবার ভেবেই সিদ্ধান্ত নেন এবং আমাদের হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। আমি মুশফিকের সিদ্ধান্তকে শতভাগ সম্মান করি। আসলে বোর্ড থেকেই এই না যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। যখন পাকিস্তান সফরের জন্য সিলেকশন হবে, আমাকে যদি ডাকে তাহলে যাব।'