ভালোবাসা দিবসে বিয়ে, বৌভাতের দিন সড়কে প্রাণ গেল বরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:27 AM
ভালোবাসা দিবসে বিয়ে, বৌভাতের দিন সড়কে প্রাণ গেল বরের
কুমিল্লার চান্দিনায় ভালোবাসা দিবসে বিয়ে করেছেন ইমরান হোসেন (২২)। কিন্তু প্রিয়তমা স্ত্রীকে নিতে শ্বশুরালয়ে যাওয়া হলো না বর ইমরানের। বৌভাতের দিন ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। এতে বিয়েবাড়ির আনন্দ পরিণত হলো কান্নায়।
শনিবার বিকালে মহিচাইল-বাড়েরা রোডের ভারভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বর ইমরান হোসেন উপজেলার মহিচাইল গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মহিচাইল গ্রামের মনু মিয়ার ছেলে ইমরান হোসেনের সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ির জসিমউদ্দিনের মেয়ে শিউলি আক্তারের পারিবারিক আয়োজনে বিয়ে হয়।
শনিবার ইমরানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। বউপক্ষের ফেরানি যাত্রীরাও ইমরানের বাড়িতে আসেন। বৌভাতের খাওয়া-দাওয়াও শুরু হয়।
অতিথিদের খাওয়ানো অবস্থায় মাংসের ঘাটতি দেখা দেয়। এ সময় বর ইমরান বন্ধুর মোটরসাইকেল নিয়ে চান্দিনাবাজারে মাংস আনতে যায়। মাংস নিয়ে বাড়ি ফেরার পথে মহিচাইল-বাড়েরা রোডের ভারভাঙা এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইমরান।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, নিহতের পরিবারকে বলেছি অভিযোগ দিতে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।