চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ১৯ জন। মেয়র পদে ৮ প্রার্থীর ছবি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের ৪২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ১৯ জন প্রার্থী নৌকার মাঝি হয়ে নগর পিতা হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন দুজন সাবেক মেয়র।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন তা ঘোষণা হতে পারে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, মেয়র ও সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করতে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা বসবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে চূড়ান্ত হবে নৌকার প্রার্থী।
ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে বিকেল ৫টা পর্যন্ত মোট ২০ জন মেয়রপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছে এবং জমা দেন। চট্টগ্রামে সিটি নির্বাচনে মোট ওয়ার্ড ৪১ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ১৪টি। এর বিপরীতে ৪০৬ জন মনোনয়নপ্রত্যাশী কাউন্সিলর ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়ন কিনেছেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, এ কে এম বেলায়েত হোসেন, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সিডিএ’র সাবেক চেয়ারম্যান ও নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাবেক মেয়র এম মনজুর আলম।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র রেখা আলম, মেজর (অব.) এমদাদুল ইসলাম, সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের এমপি মাইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র হেলাল উদ্দিন চৌধুরী তুফান, এমপি ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন, লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীপক কুমার পালিত, মো. ইনসান আলী।
এদিকে চসিক নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এমন খবরের সত্যতা পাওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রার্থীর সংখ্যা বেশি হলেও সমস্যা হবে না। যোগ্য ও জনপ্রিয় নেতারাই দলীয় মনোনয়ন পাবেন।
প্রসঙ্গত, আগামী মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গেল শনিবার দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তফসিল হওয়া তিন আসনের (গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪) মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। পরদিন সোমবার থেকে শূন্য হওয়া অন্য দুটি আসন (যশোর-৬, বগুড়া-১) এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল।