২০০২ সালের তেজগাঁও থানার এক অস্ত্র মামলায় বৃদ্ধা রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। ওই বৃদ্ধার ভাষ্যমতে তাঁর বয়স ১০৪ বছর।
আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফুল আলম নোবেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ।
আজ রায় ঘোষণার পর আইনজীবী আশরাফুল আলম নোবেল গণমাধ্যমকে এ বিষয়ে জানান, ২০০২ সালে তার নামে এজাহার হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন যাবত মামলাটি জজকোর্টে চলছিল, নিষ্পত্তি হচ্ছিল না।
মামলাটির বিষয়ে আইনজীবী আশরাফুল আলম নোবেল গণমাধ্যমকে বলেন, ২০০৩ সালে চার্জ ফ্রেম হয়েছে। ২০০৬ সালে মাত্র তিনজন সাক্ষী হন। এরপর দীর্ঘ ৮ বছর কোনো সাক্ষী নেই। কিন্তু প্রতি তারিখে এই বৃদ্ধকে কোর্টে হাজির থাকতে হতো।
তিনি আরও বলেন, পরে ২০১৪ সালে আরও তিনজন সাক্ষ্য দিল। এ পর্যন্ত আর কোনো সাক্ষী নেই। এত বছর কেন ডিলেই হলো এর বক্তব্য রাষ্ট্রপক্ষ দিতে পারেনি। যৌক্তিক কারণ দেখাতে পারেনি।
বৃদ্ধার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হলে আদালত ২৯ এপ্রিল রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন। গত ১৫ অক্টোবর মামলাটির ফাইনাল শুনানি হয়। আদালত রায়ে রুল যথাযথ ঘোষণা করে রাবেয়া খাতুনের ক্ষেত্রে মামলাটি কোয়াশড (বাতিল) করেছেন। অর্থাৎ রাবেয়া খাতুন এই মামলায় আর কোর্টে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবী।
অবৈধ অস্ত্র ও গুলিসহ তেজগাঁও থানার গার্ডেন রোডের একটি বাসা থেকে রাবেয়া খাতুনকে ২০০২ সালের ২ জুন গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় জুলহাস ও অপর এক ব্যক্তি মাসুদকে আসামি করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এর প্রায় ছয়মাস পর তিনি জামিনে মুক্তি পান। সেই বছরের ১৯ সেপ্টেম্বর রাবেয়া খাতুন ও জুলহাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে ২০০৩ সালের ২৪ মার্চ অভিযোগ গঠন করা হয়। এরপর এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হলেও মামলাটি অনিষ্পন্ন ছিল।