নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল, যান চলাচল ব্যাহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 September, 2019, 3:56 PM
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল, যান চলাচল ব্যাহত
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পূর্বঘোষিত র্যালিতে অংশ নিতে লাখো নেতাকর্মী দলটির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে উপস্থিত হয়েছেন। নেতাকর্মীদের ঢলে নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুর মোড় থেকে পশ্চিমপাশের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত জনসমুদ্রে রূপ নিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল।
নেতাকর্মীদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার রয়েছে। খালেদা জিয়া বন্দী হওয়ার পরপরই নেতাকর্মীরা তাকে ‘মা’ বলে সম্বোধন করে আসছেন। জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে উত্তাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন।
হাইকোর্টে থাকায় দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন না। ফলে নির্ধারিত সময়ে র্যালি শুরু হয়নি। পরে সিনিয়র নেতারা উপস্থিত হওয়ায় কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে।
সেখানে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।