ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুকের চেয়ে ইউটিউবে বেশি ছড়াচ্ছে গুজব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:53 AM

ফেসবুকের চেয়ে ইউটিউবে বেশি ছড়াচ্ছে গুজব

ফেসবুকের চেয়ে ইউটিউবে বেশি ছড়াচ্ছে গুজব

‘কল্লাকাটা’ গুজব নিয়ে রিতিমত দেশে হৈচৈ পড়ে গেছে। এ গুজবের বলি হয়ে নির্মমভাবে গণপিটুনিতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। আর আহত হয়েছেন আরও ১৫ জন। ফেসবুকের তুলনায় ইউটিউবেই এই গুজব বেশি ছড়ানো হচ্ছে।

ইউটিউবে ঢুকে দেখা যায়, ‘কল্লাকাটা’ গুজব নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে। আর এসব ভিডিও লাখ-লাখ মানুষ দেখেছেন। ফলে তা ছড়িয়েও পড়েছে। ইতোমধ্যে এসব ভিডিও শনাক্তও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট বানসুরি এম ইউসুফ ফেসবুকে লিখেন, ‘কল্লাকাটা’ গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে ফেসবুকের চেয়ে ইউটিউব বেশী কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে এবং হচ্ছে। ফাউল এই ভিডিওগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। গ্রাম-গঞ্জের মানুষ ফেসবুকের চেয়ে ইউটিউব ভিডিওতে বেশী যুক্ত।

তিনি আরও লিখেন, গুজব এত বেশী আকারে ছড়িয়েছে যে, কেউ খালি ছেলেধরা আওয়াজ তুললেই ফিনিশ! সাইবার ক্রাইম ইউনিট এই ভিডিওগুলো নামানোর পদক্ষেপ নিতে পারেন। অন্যদিকে পপুলার এবং ভালো ইউটিউবাররা এ বিষয়ে সচেতনতামূলক ভিডিও বানিয়ে ছাড়তে পারেন।

এদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, মাথা কাটার গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে। এ সব ফেসবুক ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিল না।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে আসে সেটি ছিল দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। গুজব ও গণপিটুনির ঘটনায় ৩১টি মামলায় এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। পুলিশ বসে নেই, পুলিশকে দুর্বল ভাববেন না।

দেশবাসীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা ছেলেধরা গুজবে কান দেবেন না, বিশ্বাস করবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশে সোপর্দ করুন। কোনো সমস্যা হলে পুলিশের সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তাদের সহযোগিতা নিন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যাকাণ্ড। যারা এই কাজগুলো করছে, তারা সবাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status