স্কুলছাত্রীকে ধর্ষণ, বাড়ি থেকে তাড়িয়ে দিল ধর্ষকের পরিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 July, 2019, 10:58 PM
স্কুলছাত্রীকে ধর্ষণ, বাড়ি থেকে তাড়িয়ে দিল ধর্ষকের পরিবার
খুলনার ফুলতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর কথিত প্রেমিক ধর্ষক সোহেল বিশ্বাসকে (২৬) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি গ্রামে এই ঘটনা ঘটে।
ধর্ষক সোহেল বিশ্বাস ওই গ্রামে মজিদ বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন পোল্ট্রি ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণডিহি গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে পোল্ট্রি খামারি সোহেল বিশ্বাসে সঙ্গে পার্শ্ববর্তী এলাকার ওই ছাত্রী প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয় সোহেল। পরে একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে নিরুপায় ওই কিশোরী সোহেলের বাড়িতে উঠলে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেয় ধর্ষকের পরিবারের লোকজন।
পরে কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে বুধবার ফুলতলায় থানায় এসে মামলা করে। মামলার পর পুলিশ ধর্ষক সোহেলকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।