|
আটকের ভয়ে হরমুজ প্রণালিতে ঢুকছে না ব্রিটিশ তেল ট্যাংকার
নতুন সময় ডেস্ক
|
|
আটকের ভয়ে হরমুজ প্রণালিতে ঢুকছে না ব্রিটিশ তেল ট্যাংকার ব্লুমবার্গের প্রকাশিত খবরটি মধ্যপ্রাচ্যভিত্তিক শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা আল জাজিরা এবং আরব নিউজও নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ‘ব্রিটিশ হেরিটেজ’ নামে ব্রিটেনের রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের ওই সুপার ট্যাংকারটি গত শনিবার থেকে সৌদি উপকুলে অবস্থান করছে। ১০ লাখ ব্যারেলের বেশি তেল বহন করতে সক্ষম ওই ট্যাংকারটি হরমুজ প্রণালী অতিক্রম করে ইরাকের বসরা বন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু গত তিন দিন ধরে সেটি সৌদি উপকূলে অবস্থান করছে। আল জাজিরা জানায়, ইরাকের বসরা থেকে তেল নিয়ে তা উত্তর-পশ্চিম ইউরোপে সরবরাহ করার কথা ছিল ব্রিটিশ তেল ট্যাংকারটির। কিন্তু উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে ওই চালানটির বুকিং বাতিল হয়ে গেছে। ব্রিটিশ কর্তৃপক্ষের আশঙ্কা, হরমুজ প্রণালীতে প্রবেশের সঙ্গে সঙ্গে ১০ লাখ ব্যারেল তেল নিয়ে আসা ওই জাহাজটি ইরানি সেনাদের হাতে আটক হতে পারে। গত বৃহস্পতিবার গ্রেইস-১ নামের একটি ইরানি সুপারট্যাংকার জব্দ করেছে ব্রিটিশ রয়েল নেভি। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে উত্তেজনা চলছে ইরানের। তেল ট্যাংকার জব্দের ঘটনায় বিগত পাঁচ দিনে তিনবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ইঙ্গিতেই ইরানি তেল ট্যাংকারটি ব্রিটিশ কর্তৃপক্ষ আটকে রেখেছে। তবে ব্রিটেনের দাবি,ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল বহন করে নিয়ে যাওয়ার অভিযোগে জাবাল আল-তারিক থেকে ওই ট্যাংকারটি জব্দ করেছে তারা। এ ঘটনায় মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ব্রিটেনকে হুশিয়ারি করে বলেছেন,অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের ঘটনায় ব্রিটেনকে যথাসময়ে উপযুক্ত জবাব দেয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মঙ্গলবার বলেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া এটি ছেড়ে দেয়া হবে না। সঠিক সময়ে তেহরান উপযুক্ত জবাব দেবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেয়া হবে। ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তাছাড়া বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেয়ারও হুমকি দেয় ইরান। হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রফতানি করা হয়। এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এ দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
