|
ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়
নতুন সময় প্রতিবেদক
|
|
ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ৩৭টি আন্তঃনগর ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের ট্রেনের সিডিউল বিপর্যয় বেশি দেখা যাচ্ছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে সেই পুরনো দৃশ্যের দেখা মিললো না। তুলনামূলক মানুষ কম থাকায় ছাদে মানুষের ভিড় নেই, এমনটাই জানিয়েছেন স্টেশনের কর্মকর্তারা। সব ট্রেন মিলিয়ে দিনে ৩০ হাজার টিকিট মোবাইলে অনলাইন ও কাউন্টারে বিক্রি হয়েছে। ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগে সোমবার (৩ জুন) একদিন কর্মদিবস। শুক্র ও শনিবার (৩১ মে ও ১ জুন) সাপ্তাহিক ছুটি এবং রোববার (২ জুন) পবিত্র শবে কদরের ছুটি। ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অনেকেই এক দিনের ছুটি নিয়ে শুক্রবার ঢাকা ছাড়ছেন। ফলে আগেভাগে ফাঁকা হতে চললো বিশ্বের সবচেয়ে এই ঘনবসতি শহর। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের প্লাটফর্মেও লাখো মানুষের ভিড়। ট্রেনে উঠতে হিমশিম খেতে হচ্ছে ঘরমুখো মানুষকে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ট্রেনে উঠাতে বেগ পোহাতে হচ্ছে। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, কিছুটা দেরি হলেও মোটামুটি ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। দিনের শুরুতে ট্রেনে ভিড় না থাকলেও দিন শেষে সন্ধ্যার ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হতে পারে বলে মনে করছে রেলস্টেশন কর্তৃপক্ষ। এই ভিড় ৩ জুন পর্যন্ত থাকবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
