রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুর। অনেক মানুুষের বসবাস এখানে হলেও রাস্তা বেশ প্রশস্ত হওয়ায় চলাফেরায় আরাম আছে। মিরপুর এলাকায় প্রচুর হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান রয়েছে। রোজার এ সময়টাতে সেসব খাবারের দোকানের সামনে বিভিন্ন খাবার পরিবেশনও করা হয়। কিন্তু এখানে সে অর্থে চকবাজার বা বেইলি রোডের মতো কোনো প্রসিদ্ধ ইফতার বাজার এখনও গড়ে ওঠেনি। এখানকার রোজাদাররা ঐতিহ্যবাহী খাবারের খোঁজে ছোটেন নানা জায়গায়। তবে এখানে রুচিসম্মত খাবারের ব্র্যান্ডগুলোর আউটলেট থাকায় অনেকেই শেষ পর্যন্ত সেখানেই ভিড় করেন। অনেকের ভরসা আবার স্থানীয় হোটেলগুলোই।
মিরপুর-১০ বেনারশী পল্লীতে অবস্থিত রাব্বানী হোটেল এন্ড রেস্টুডেন্ট। ইফতারির ঐতিহ্যবাহী এবং নামকরা কিছু খাবার এখানেই কমবেশি পাওয়া যায়। এখানে ইফতারের খাবারের পদ হিসেবে রয়েছে ফুল চিকেন রোস্ট ৩৫০ টাকা, ফুল চিকেন গ্রিল ৪০০ টাকা, চিকেন উইং ৩০ টাকা, চিকেন কোফতা ২৫ টাকা, চিকেন সাসলিক ৮০ টাকা। এ ছাড়াও রয়েছে মুরগি ও খাসির হালিম। দাম পড়বে ১৫০ থেকে ১০০ টাকা। দইবড়া পাওয়া যায় প্রতি পিস ৩০ টাকায়। এদের হালিম বেশ নামকরা। গরু এবং খাসির হালিম পাওয়া যায়। দাম পড়বে ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে।
এ ছাড়াও মিরপুর এলাকায় ফ্রেন্ডস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফুলকলি, মরণচাঁদ গ্র্যান্ড সন্স, নিউ ক্যাফে ধানসিড়ি, বেকার’স বে, সুপ্রিম ডিনারস, কিংস বারবিকিউ, মায়ের দোয়া হোটেল, আল্লার দান হোটেল, বনফুল, ইয়াম্মি ইয়াম্মি, আল বারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ আরও অনেক খাবারের দোকান রয়েছে। এসব হোটেল ও রেস্টুরেন্টে ইফতারির খাবার হিসেবে আলু চপ, বেগুনি, পিঁয়াজু, ছোলা, হালিম, জিলাপি, গ্রিল চিকেনসহ ইফতারির সহজলভ্য খাবারগুলো পাওয়া যায়।