ফার্মগেট। শব্দটির সাথে জ্যামের একটি বন্ধুত্ব দীর্ঘদিনের। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা তৌসিফ ও ছোটপর্দার সেনসেশন তানজিন তিশা মিলিত হয়েছেন নতুন এক নাটকে, নাম 'ফার্মগেট'। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান।
ফার্মগেট নামের নাটকে জ্যাম দেখাবে না! তাহলে দেখাবে কী? জানার চেষ্টা করেছেন আমাদের এই প্রতিবেদক।
যা জানা গেলো, নাটকের গল্পে দেখা যাবে বাবা, মা ব্যস্ত ভবিষ্যৎ রচনায়। কিন্তু যাদের ভবিষ্যৎ রচনায় তারা বিভোর- সেই আত্মজ কিংবা আত্মজা কী চায়, সেটা ভেবে দেখার সময় নেই। পড়াশোনার বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, তারা স্বপ্ন বুনে যান আগামী দিনের। বাবা, মার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে তৌসিফ ও তানজিন তিশা। কিন্তু পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গড়ার চেয়ে তাদের কাছে বড় হয়ে ধরা দিয়েছে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়টি। তাই তো কোচিং ছেড়ে নির্জনে দু'জনে সময় কাটাতে ভালো লাগে তাদের। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা।
কর্তৃপক্ষ বলছে, মূলত নাটকে ফার্মগেট এর জ্যাম দেখানো হবে না, ফার্মগেট-এ কোচিং করতে আসা কয়েকজন তরুণ-তরুণীর গল্প তুলে ধরা হয়েছে।
তৌসিফ মাহবুব ও তানজিন তিশার পাশাপাশি নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, স্মরণ সাহা, রিতু, সিয়াম নাসির, অরণ্য জিয়া প্রমুখ। শিগগিরই নাটকটি ঈদ আয়োজনে আর টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।