মাত্র একমাসেই আইন পরিবর্তন করতে বাধ্য সুলতান, কি আইন হয়েছিল ব্রুনাইতে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2019, 3:58 PM
সুলতান হাসানাল বোলকিয়া। ছবি : সংগৃহীত
মাত্র একমাসের ব্যবধানে সমকামিতার জন্য শাস্তি মৃত্যুদণ্ড থেকে সরে আসলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই’র সুলতান হাসানাল বোলকিয়া। তবে দেশটিতে শরিয়া আইন কার্যকর থাকবে। মূলত বিশ্বজুড়ে সমালোচনার করণেই সুলতান এ সিদ্ধান্ত পরির্বতন করলেন। রবিবার নতুন আইনে থাকা সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধানের উপর স্থগিতাদেশ দেন দেশটির সুলতান।
৩ এপ্রিল থেকে এ শরিয়া আইন চালু হয়। নতুন আইন মোতাবেক দেশটির মধ্যে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক, ধর্ষণ, মহানবী (স:) কে নিয়ে অবমাননা করলে শাস্তি হবে মৃত্যুদণ্ড। এছাড়া নতুন চালু করা এই শরিয়া আইনে চুরির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধান রাখা হয়েছে। তবে নতুন আইনটি চালুর এক মাস পর শরিয়া আইন থাকলেও সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুর শাস্তি সংবলিত আইন থেকে সরে এসেছে দেশটির সুলতান।
জানা গেছে, সমকামিতার জন্য পাথর ছুঁড়ে মৃত্যুর শাস্তির আইন জারির পর বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কট করার ঘোষণা দেয়ার পর দেশটি নতুন এ সিদ্ধান্ত নিল।
এ ব্যাপারে এক বক্তৃতায় সুলতান বলেন, ‘যে শরিয়া পেনাল কোড অর্ডার বা এসপিসিওর বিষয়ে ওঠা প্রশ্ন নিয়ে তিনি সচেতন আছেন।’ আর এখন এসপিসিওর উপর স্থগিতাদেশ দেয়ার সময়েও নতুন আইনের পক্ষে কথা বলেছেন তিনি।
প্রসঙ্গত, ব্রুনাইয়ে সমকামিতা আগে থেকেই নিষিদ্ধ ছিলো। আর এর শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড। দেশটিতে প্রায় সাড়ে চার লাখ অধিবাসীর মধ্যে মুসলিমদের সংখ্যা দুই তৃতীয়াংশ।