ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। রোববার (০৫ মে) ডারবিনে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলের অবশ্য আধেক খেলোয়াড় খেলবেন এই আসরে। বাকিরা এখনও ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। এই সুযোগে সুনিল অ্যামব্রিস, জন ক্যাম্পবেল, শেন ডরউইচ ও রেমন রেইফাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
গেল মার্চে ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ অপ্রত্যাশিতভাবে ড্র করেছিল উইন্ডিজ। ইংল্যান্ড যেখানে বিশ্বের নাম্বার ওয়ান দল, সেখানে উইন্ডিজকে বিশ্বকাপে সুযোগ পেতে হয়েছে বাছাইপর্ব পেরিয়ে। ত্রিদেশীয় সিরিজে ব্যাটিংয়ে ড্যারেন ব্রাভো, শাই হোপে ভরসা উইন্ডিজের। যদিও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪ ইনিংস মিলিয়ে ব্রাভো করেছিলেন মাত্র ১৩৩। এই সিরিজে বড় ইনিংসে চোখ থাকবে তার। বোলিং অ্যাটাকে অধিনায়ক জেসন হোল্ডার নেতৃত্ব দেবেন শেলডন কটরেল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের।
এদিকে আয়ারল্যান্ড ডাবলিনে শুক্রবার ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েও ম্যাচটা জিততে পারল না। দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের চাপে ফেলেও শেষে তা ধরে রাখতে পারেনি। ব্যাটিংয়ে পুরো শক্তির প্রকাশ মেলেনি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, অভিজ্ঞ পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবিরনিরা ব্যাটিংয়ে চমৎকার শুরু দিলেও কাজ হয়নি শেষে।
বাঁহাতি ফাস্ট বোলার টিনএজার জস লিটল মুগ্ধ করেছেন। ফুলার বলগুলোর সঙ্গে তার শর্ট বলের মিশ্রণ যথেষ্ট ভুগিয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। ৪ উইকেট অভিষেকেই মাত্র ৪৫ রানে। আউট করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান, জেমস ভিন্স, ডাভিড মালান ও ডেভিড উইলিকে। আইরিশদের পেস আক্রমণ আরও শক্তি পেয়েছে লিটল অভিষেকেই দ্যুতি ছড়ানোয়।
আয়ারল্যান্ড একাদশ
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবিরনি, লরকান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক অ্যাডাইয়ার, জশ লিটল, টিম মুরটাঘ এবং ব্যারি ম্যাকার্থি।