ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপে নিষেধাজ্ঞার কবলে, গোল্ডেন বুট নিশ্চিত মেসির!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 5:59 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 6:01 AM

এমবাপে মেসি

এমবাপে মেসি

৩৪ গোলে তার অর্জন ৬৮ পয়েন্ট। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এমনিতেই সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। তবে ৩০ গোল আর ৬০ পয়েন্ট নিয়ে তার ঘাড়ের ওপর তপ্ত নিশ্বাসই ফেলছিলেন কিলিয়ান এমবাপে। ফলে কিছুটা হলেও সংশয়ে ছিলেন মেসি এবং তার ভক্তরা। তবে মেসি ও তার ভক্তদের সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে এমবাপের নিষেধাজ্ঞার খবরে! রেফারির সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ার অপরাধে যে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এমবাপে।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে লাল কার্ড পান পিএসজির ফরাসি তারকা এমবাপে। লাল কার্ডের প্রতিক্রিয়ায় মাঠেই রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন ফরাসি তরুণ। সেই অপরাধে তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন।




এমবাপের এই নিষেধাজ্ঞার ফলে মেসির ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়াটা এক রকম নিশ্চিতই হয়ে গেল। চাইলে একটু ঝুঁকি নিয়ে গোল্ডেন বুটটা এখনই তুলে দিতে পারেন মেসির হাতে!

৩ ম্যাচ নিষেধাজ্ঞার এক ম্যাচ এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন এমবাপে। ফেঞ্চ লিগের আরো দুটি ম্যাচ তাকে বেঞ্চ গরম করে কাটাতে হবে। মানে ফ্রেঞ্চ লিগের বাকি ৪ ম্যাচের মধ্যে মাত্র ২টি মাচে খেলার সুযোগ পাবেন এমবাপে।

অন্যদিকে স্পেনের লা লিগায় মেসির বার্সেলোনার বাকি আছে আরো ৩টি ম্যাচ। মেসি যদি সেই ৩ ম্যাচে না-ও খেলেন, তার পরও গোল্ডেন বুটটা তার হাতে ওঠাটা এক রকম নিশ্চিত। কারণ, মেসিকে টপকে যেতে হলে এমবাপেকে দুই ম্যাচেই করতে হবে ৫ গোল। সেটা এক রকম অসম্ভবই! আর মেসি যদি বাকি ৩ ম্যাচের একটিতেও খেলেন এবং তাতে গোল করেন, সে ক্ষেত্রে এমবাপের সম্ভাবনা আরো বেশি ‘নাই’ হয়ে যাবে! এই হিসাব-নিকাশই বলছে, এমবাপের নিষেধাজ্ঞার খবরটি মেসির জন্য সুংবাদ হয়েই এসেছে।

এমবাপের নিষেধাজ্ঞার খবরে যদি খুশি হয়ে থাকেন, তবে অন্য একটি খবরে কষ্টই পাওয়ার কথা মেসির। এমবাপের চেয়েও বড় শাস্তি নেমে আসতে যাচ্ছে তার সতীর্থ নেইমারের কাঁধে।

এমবাপের মতো নেইমারও রেনের বিপক্ষে সেই ফ্রেঞ্চ কাপের ফাইনালেই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। টাইব্রেকারে রেনের কাছে হেরে যাওয়ার হতাশা থেকেই কি না ম্যাচ শেষে পদক নিতে যাওয়ার সময় এক দর্শকের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। তাতেও বিপত্তি ছিল না।

কিন্তু মোবাইলে ভিডিও ধারণ করা ওই দর্শককে অকথ্য ভাষায় গালিগালাজও করেন নেইমার। এমনকি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ওই দর্শককে মারার জন্য তেড়েও যান পিএসজির ব্রাজিলিয়ান তারকা। অন্য আরেকটি খবরে বলা হয়েছে, রাগের বশে নেইমার ওই দর্শকের মুখে ঘুষিই মেরে বসেন। পরে জানা গেছে ওই দর্শকটি আবার প্রতিপক্ষ রেনের সমর্থক!

দর্শককে বকা দেওয়া, গায়ে হাত তোলা এমনিতেই গুরুতর অপরাধ। তার মধ্যে দর্শকটি আবার প্রতিপক্ষ দলের। সুতরাং নেইমারের কপালে বড় শাস্তিই অপেক্ষা করছে বলে জানা গেছে। সাবেক সতীর্থ এবং বন্ধু নেইমারের বড় শাস্তির খবরে মেসির তো কষ্টই পাওয়ার কথা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status