ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
সুবীর নন্দীর হার্টের অবস্থা নাজুক, নেয়া হতে পারে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 4:35 PM

সুবীর নন্দীর হার্টের অবস্থা নাজুক, নেয়া হতে পারে যুক্তরাষ্ট্র

সুবীর নন্দীর হার্টের অবস্থা নাজুক, নেয়া হতে পারে যুক্তরাষ্ট্র

একুশে পদক পাওয়া গায়ক সুবীর নন্দীর হার্টের অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আগামী দুয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে বলে পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


দুই দফা হার্ট অ্যাটাক করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন সুবীর নন্দী। সেখানে চিকিৎসকরা তাকে লাইফসাপোর্টে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। লাইফসাপোর্টে থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

নন্দিত এ কণ্ঠশিল্পীর আত্মীয় তৃপ্তি কর জানান, সুবীর নন্দীর অবস্থা আপাতত কিছুটা ভালো। সবকিছু ধীরে ধীরে অনুকূলে আসছে। তবে হার্টের অবস্থা ভালো নয়, জটিল। চিকিৎসকরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে জানিয়েছেন যে—সুবীর নন্দীর হার্টের অবস্থা বেশ নাজুক।

তৃপ্তি কর জানান, এর আগে যুক্তরাষ্ট্রে সুবীর নন্দীর হার্টের অস্ত্রোপচার করতে গিয়েও সেখানকার চিকিৎসকরা করতে পারেননি। সিএমএইচের চিকিৎসকরা আবারও তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে হার্টের অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা সুবীর নন্দীর আছে। পরিবার চাইলে তাকে নিয়ে যেতে পারবে।

সুবীর নন্দী বর্তমানে সিএমএইচের আইসিইউতে আছেন। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফসাপোর্ট খুলে ফেলা হয়েছে। এখানে আর দুদিন চিকিৎসা নেবেন তিনি। এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

রোববার রাত ১১টার দিকে জনপ্রিয় এই গায়ককে সিএমএইচে ভর্তি করা হয়। সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানান, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়।




তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাবএইডে নিয়মিতই ডায়ালাইসিস করান। কিন্তু উত্তরা থেকে ল্যাবএইড যেতে অনেক সময় লাগে। তাই আমিই দায়িত্ব নিয়ে সিএমএইচে উনাকে ভর্তি করিয়েছি। একজন বরেণ্য মানুষ, তার সুস্থতা আগে জরুরি ছিল।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম 'সুবীর নন্দীর গান' ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।

তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত 'সূর্যগ্রহণ' চলচ্চিত্রে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status