ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
পোড়া গাড়ি-গাছে টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ
যান চলাচল বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:54 PM

পোড়া গাড়ি-গাছে টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ

পোড়া গাড়ি-গাছে টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অন্তত সাত স্থানে পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অবরোধে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধের এই চিত্র দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি চালাচ্ছেন। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশের চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

এদিকে শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে। সকাল থেকেই এ ভাষণ বাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তাদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

এসব ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বুধবার সকাল থেকে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status