|
কীটনাশকের বিকল্প জৈব বালাইনাশক
নতুন সময় প্রতিনিধি
|
![]() কীটনাশকের বিকল্প জৈব বালাইনাশক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান ও অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২০ জন কৃষকের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। গবেষণায় আরও উঠে এসেছে, রাসায়নিক কীটনাশক ব্যবহারের সময় প্রায় ৬০ শতাংশ কৃষক কোনো ধরনের সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না। এর ফলে মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া ও চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথাও জানিয়েছেন তাঁরা। সম্প্রতি গবেষণাটির ফলাফল একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। রাসায়নিক কীটনাশকের ব্যবহার বাড়ছে বাংলাদেশে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার শুরু হয় মূলত সবুজ বিপ্লবের সময়। ১৯৫১ সালে সরকারিভাবে কীটনাশক আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৫৫ সালে প্রথমবারের মতো তিন মেট্রিক টন ‘এনড্রিন’ আমদানি করা হয়। পরবর্তী সময়ে উচ্চ ফলনশীল ফসলের আবাদ বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণ মোকাবিলায় রাসায়নিক বালাইনাশকের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গবেষণাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করেন। ১৯৭০-এর দশকে দেশে বছরে প্রায় চার হাজার মেট্রিক টন বালাইনাশক ব্যবহৃত হলেও বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৪৫ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। বিশেষ করে শাকসবজি, ধান, চা ও ফল উৎপাদনে কার্বামেট এবং অর্গানোফসফেট জাতীয় কীটনাশকের ব্যবহার বেশি। জৈব বালাইনাশকে বাড়ছে সম্ভাবনা গবেষণায় বলা হয়েছে, রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জৈব বালাইনাশক উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাকসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তৈরি হয়। এগুলো নির্দিষ্ট ক্ষতিকর পোকা ও রোগজীবাণু দমনে সহায়তা করে। রাসায়নিক বালাইনাশকের তুলনায় অনেক ক্ষেত্রে পরিবেশ ও উপকারী জীবের ওপর এর ক্ষতিকর প্রভাব কম। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে মাটির উপকারী অণুজীব, কেঁচো এবং পরাগায়নে সহায়তাকারী মৌমাছিসহ অন্যান্য উপকারী পোকা সুরক্ষার সুযোগ তৈরি হয়। তবে এসব পদ্ধতির কার্যকারিতা নির্দিষ্ট পণ্য, প্রয়োগপদ্ধতি ও পরিবেশের ওপর নির্ভরশীল। রাসায়নিক বালাইনাশকের তুলনায় কিছু জৈব বালাইনাশক ধীরে কাজ করে এবং উৎপাদন ও সংরক্ষণেও বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়। জৈব বালাইদমন পদ্ধতি সম্পর্কে জানেন না অনেক কৃষক গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া কৃষকদের বড় একটি অংশ জৈব বালাইনাশক সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তবে প্রায় অর্ধেক কৃষক সেক্স ফেরোমন ট্র্যাপ, ট্রাইকো কম্পোস্ট এবং মাটির গুণাগুণ উন্নয়নে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারের বিষয়ে জানেন এবং এসব পদ্ধতি ব্যবহার করেন। অন্যদিকে, ইয়েলো স্টিকি ট্র্যাপ এবং হ্যাবিট্যাট ম্যানিপুলেশন সম্পর্কে তাঁদের জ্ঞান ও ধারণা তুলনামূলকভাবে কম। কৃষকদের এই ধারণা পরিবর্তনে মাঠপর্যায়ে কার্যকর কৃষি সম্প্রসারণ কার্যক্রম এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রয়োজন বলে জানান গবেষকবৃন্দ। নিরাপদ নয় কীটনাশক সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে গবেষণা এলাকার ৮১ শতাংশ কৃষক হাইড্রোলিক স্প্রেয়ার ব্যবহার করেন। ১১ শতাংশ হাতে এবং আট শতাংশ ফোলিয়ার স্প্রে পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক সংরক্ষণের ক্ষেত্রেও রয়েছে উদ্বেগজনক চিত্র। জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ কৃষক বসার ঘর বা শোবার ঘরে কীটনাশক সংরক্ষণ করেন। ৩০ শতাংশ নির্দিষ্ট গুদামঘরে এবং ১৪ শতাংশ ঘরের বাইরে তা রাখেন। অন্যদিকে, কীটনাশকের ব্যবহৃত প্যাকেট ও পাত্রের বর্জ্য ব্যবস্থাপনাও যথাযথ নয়। ৭৫ শতাংশ কৃষক এসব বর্জ্য খোলা মাঠে ফেলে দেন। মাত্র ১৪ শতাংশ ডাস্টবিনে ফেলেন। গবেষণায় কৃষকদের প্রশিক্ষণের অভাবও স্পষ্ট হয়েছে। জরিপে অংশ নেওয়া মাত্র ১৪ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। বাকি ৮৬ শতাংশ কৃষক কোনো ধরনের প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণ ও সরকারি সহায়তার ওপর গুরুত্ব গবেষকদের ![]() কীটনাশকের বিকল্প জৈব বালাইনাশক এ জন্য কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট, কৃষি সম্প্রসারণ কার্যক্রম এবং লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জৈব বালাইদমন পদ্ধতির কার্যকারিতা সরাসরি দেখানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। একই সঙ্গে কীটনাশকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রচারণা, কমিউনিটি কার্যক্রম, রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে জৈব বালাইনাশক সহজলভ্য করতে সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, কৃষকদের জ্ঞান বৃদ্ধি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও টেকসই বালাই ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন, সাদিকা জাহান শম্পা, আলফ হাসনাত আরা, মো. আবদুল্লাহ আল নোমান, মো. রুবেল আহমেদ, বৃষ্টি বণিক, সাদিয়া তাসনিম, রনি ইবনে মাসুদ ও লাবণ্য রেজা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
