ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 10:15 AM

উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় কোচিং সেন্টার থেকে আট মাস আগে বহিষ্কৃত হওয়ার ক্ষোভ থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে কিশোর ইমনের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামের ওই স্কুলছাত্রীকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের নির্দেশে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

স্কুলছাত্রী ও তার পরিবারের দাবি, কোচিং সেন্টার থেকে বহিষ্কৃত হওয়ার পর ইমনের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ ছিল না। সোমবার দুপুরে হঠাৎ বাসার সামনে জাকিয়ার ওপর হামলা চালায় ওই কিশোর।

আহত জাকিয়া বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ফেব্রুয়ারিতে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে। একই কোচিংয়ে ভর্তি হয়েছিল অভিযুক্ত ইমনও। সেখানে কয়েক দিন ক্লাস করার পর ইমন তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।

বিষয়টি মাকে জানায় জাকিয়া। পরে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ইমনের পরিবারকে বিষয়টি জানান। এরপর কোচিং সেন্টার থেকে ইমনকে বহিষ্কার করা হয়।

জাকিয়া জানায়, কোচিং থেকে বহিষ্কৃত হওয়ার পর ইমনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি হামলার আগ পর্যন্ত কোথাও তাকে দেখেনি সে। কোচিং থেকে বহিষ্কারের ঘটনায় ইমন ক্ষুব্ধ ছিল বলে ধারণা জাকিয়ার। সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়ে থাকতে পারে।

হামলার বর্ণনা দিয়ে জাকিয়া জানায়, স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করছিল সে। এ সময় পেছন থেকে এসে ইমন তার চুল ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এরপর কী হয়েছে, তা আর মনে নেই তার।

জাকিয়ার মা সুমি আক্তার জানান, মেয়ের হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়েছে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মেয়ের বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। সেখানে কোনো জটিলতা দেখা দিয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে মেয়ের খোঁজখবর নিয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে হামলার শিকার হয় জাকিয়া। স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে কলবেল দেওয়ার সময় পেছন থেকে তার ওপর হামলা চালায় এক কিশোর। উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এতে জাকিয়ার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাত লাগে।

এ ঘটনায় সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন জাকিয়ার বাবা। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে তার খালার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইমনকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, ঘটনার পর থেকে ইমনের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

হামলার কারণে জাকিয়ার এসএসসি নির্বাচনি পরীক্ষাও ব্যাহত হয়েছে। মঙ্গলবার তার নির্বাচনি পরীক্ষার শেষ বিষয় রসায়ন পরীক্ষা ছিল। হাসপাতালে ভর্তি থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে বিদ্যালয়ের শিক্ষকেরা তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী সময়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status