সাজেকে সড়ক অবরোধ, বিপাকে খাগড়াছড়ির পরিবহন ও পর্যটন ব্যবসা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:41 PM
সাজেকে সড়ক অবরোধ, বিপাকে খাগড়াছড়ির পরিবহন ও পর্যটন ব্যবসা
পাঁচ দফা দাবিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম বিপাকে পড়েছেন খাগড়াছড়ির পরিবহন শ্রমিক, হোটেল-রিসোর্ট ও কটেজ মালিকসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটকদের যাতায়াতও কার্যত বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন পরিবহন খাতের হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে পর্যটননির্ভর ব্যবসায় নেমেছে স্থবিরতা।
সাজেক ভ্রমণের অন্যতম প্রধান প্রবেশপথ হলো খাগড়াছড়ির দীঘিনালা-বাঘাইহাট সড়ক। এই সড়ক ব্যবহার করেই প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা সাজেকের উদ্দেশে যাতায়াত করেন কিন্তু অনির্দিষ্টকালের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের সাজেক যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে দীঘিনালা ও খাগড়াছড়ির পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে।
দীঘিনালা পিকআপ মালিক সমিতির লাইম্যান মো. মামুন বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত জিপ, চাঁদের গাড়ি, সিএনজি, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তার হিসাবে, এ খাতের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় পাঁচ হাজার শ্রমিক বর্তমানে আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, পর্যটন মৌসুমে এসব যানবাহনের ওপর নির্ভর করেই অনেক চালক ও শ্রমিকের সংসার চলে। কয়েক দিন ধরে পর্যটক পরিবহন বন্ধ থাকায় তাদের দৈনন্দিন আয়ও বন্ধ হয়ে গেছে। অবরোধ দীর্ঘায়িত হলে শ্রমিকদের আর্থিক দুর্ভোগ আরও বাড়বে।
শুধু পরিবহন খাত নয়, পর্যটকদের ওপর নির্ভরশীল দীঘিনালার হোটেল, রিসোর্ট ও কটেজ ব্যবসাতেও দেখা দিয়েছে স্থবিরতা। পর্যটক না আসায় অনেক প্রতিষ্ঠানেই বুকিং বাতিল হয়েছে। খালি পড়ে আছে কক্ষ ও কটেজ। ফলে কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, বিদ্যুৎ বিলসহ নিয়মিত খরচ চালানো নিয়েও উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা।
দীঘিনালা হোটেল ইউনিটির ম্যানেজার পানদপ চাকমা বলেন, দীর্ঘদিন ধরে পর্যটক না আসায় হোটেল-রিসোর্ট ব্যবসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ব্যবসায়ীদের আর্থিক সংকট আরও প্রকট হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাজেককে কেন্দ্র করে শুধু পরিবহন কিংবা হোটেল-রিসোর্ট ব্যবসাই গড়ে ওঠেনি; এর সঙ্গে যুক্ত রয়েছে খাবারের দোকান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, ফলমূল ও স্থানীয় পণ্য বিক্রেতা, পর্যটক গাইডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব মানুষও ক্ষতির মুখে পড়ছেন।
তাদের মতে, সাজেকের পর্যটন কার্যক্রমের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ জড়িত। পর্যটকদের যাতায়াত বন্ধ থাকলে স্থানীয় বাজার, পরিবহন, আবাসন ও খাবারের ব্যবসায় এর প্রভাব পড়ে। অবরোধ দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
এদিকে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধের কারণে একদিকে আন্দোলনকারীরা তাদের দাবির বাস্তবায়ন চান, অন্যদিকে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন। তাদের মতে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিরাপদ ও স্বাভাবিক সড়ক যোগাযোগ নিশ্চিত করা জরুরি।
স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবরোধের কারণ ও দাবিগুলো নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসন, সড়ক যোগাযোগ স্বাভাবিক এবং সাজেকে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেককেন্দ্রিক পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। অবরোধ দীর্ঘায়িত হলে পরিবহন শ্রমিক, হোটেল-কটেজ মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।