ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নাঃগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আহত ৬৩ শিক্ষার্থী
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:16 PM

নাঃগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আহত ৬৩ শিক্ষার্থী

নাঃগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আহত ৬৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৩ শিক্ষার্থী আহত ও অসুস্থ হয়েছেন। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। মাদরাসাটিতে প্রাথমিক অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার চারতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বই ও ধর্মীয় গ্রন্থ মাদরাসার আঙিনায় ছড়িয়ে রয়েছে। পুড়ে যাওয়া আলমারি, টেবিল ও চেয়ারও সেখানে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মাদরাসাটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।

সকাল ১০টার দিকে মাদরাসা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা উল হুসনা পিংকি। তাঁরা ক্ষতিগ্রস্ত লাইব্রেরি ও ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাদরাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান বলেন, মাদরাসাটিতে প্রাথমিক অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। লাইব্রেরি কক্ষটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। সেখানে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মাদরাসাটি ফতুল্লার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবার সহযোগিতায় লাইব্রেরিটি পুনর্গঠন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং মাদরাসা পুনর্গঠনে সরকারি সহযোগিতা কামনা করেন। জামায়াতের পক্ষ থেকেও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ জানায়, রাতে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ লাইব্রেরিতে আগুন লাগলে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। দ্রুত নিচে নামার সময় সিঁড়িতে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হন। এ ঘটনায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status