ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 November, 2026, 10:32 AM

রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের

রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের

সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কা কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২–২ গোলে ড্র করার পর তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশকে ফাইনালে তোলার জোর চেষ্টাই চলছে এবারের সাফে।

মূলত এই প্রসঙ্গ উঠে এসেছে রোববারের ম্যাচে শ্রীলঙ্কার ড্রয়ের পর। সে ম্যাচে একটি পেনাল্টি পায়নি তার দল, এমনকি অনেকগুলো ফাউলও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কুয়েতি এই কোচ। এরপর তিনি শঙ্কা প্রকাশ করেন, স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে রেফারিং কেমন হবে!

এবারের সাফে ভিরের ব্যবহার থাকবে। তবে সেটা শুধু সেমিফাইনাল আর ফাইনালে। মুতাইরি দাবি করেছেন, গ্রুপ পর্ব থেকেই ভিএআর চালু করতে হবে। 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ সুজন [পেরেরা] একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মতে ওটা পেনাল্টিই ছিল না। গ্রুপ পর্ব থেকে ভিএআর থাকলে আমার বিশ্বাস, দ্বিতীয় গোলটি অফসাইড হতো। তবে আমি নিশ্চিত নই। আমার মনে হয়, আমরা একটি পেনাল্টি পেতে পারতাম। কিন্তু আমাদের দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভুটানের বিপক্ষেই যদি রেফারিংয়ে এত ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? এটা সাফের প্রতি আমার বার্তা। এখনই ভিএআর চালু করুন, নইলে রেফারিং নিয়ে একটা সমাধান বের করুন।’ তার অভিযোগ, শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া ফাউলগুলো রেফারিরা দেখেননি। অথচ ভুটানের পক্ষে বারবার বাঁশি বাজিয়েছেন।

এরপর মুতাইরি টুর্নামেন্টের আয়োজকদের দিকেও আঙুল তোলেন। ২০২১ সালের আসরের অভিজ্ঞতা টেনে তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশ–ভারত ফাইনালকে ঘিরেই যেন পুরো প্রতিযোগিতা সাজানো হচ্ছে। বাকি দলগুলোকে মনে হচ্ছে শুধু সঙ্গী।

তিনি অভিযোগ করে বলেন, ‘২০২১ সালের অভিজ্ঞতা আমার আছে। তাই বলছি, বাণিজ্যিক লাভের জন্য আপনারা যদি ভারত আর বাংলাদেশকে ফাইনালে চান, তাহলে ওই দুই দলকেই খেলিয়ে নিন। বাকিরা অন্য কোনো সময়ে খেলে নেবে। এবার আমি সরাসরি কিছু বলছি না। পরের বার রেফারি যদি একই ভুল করেন, আর পরিবেশ যদি একই থাকে, তাহলে ভারত আর বাংলাদেশকে ফাইনালটা দিয়ে দিন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন। আমাদের সময় নষ্ট হওয়া বাঁচবে।’

সেদিনের ম্যাচে দুই দলের কেউই স্বাগতিক ছিল না। তাহলে আলোচনায় বাংলাদেশ কেন এল? এই প্রশ্নের জবাবে মুতাইরি বলেন, স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকেই তার দুশ্চিন্তা।

তিনি বলেন, ‘কারণটা আমি বলছি। বাংলাদেশ স্বাগতিক দল। আমি জানি, রেফারিরা মাঝে মাঝে কেমন করেন ভুটানের বিপক্ষেই যদি এত ভুল হয়, তাহলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে কী হবে? সাফ তখন কী করবে? ২০২১ দেখুন, ২০২৩ দেখুন, ২০১৯ দেখুন, ২০১৭ দেখুন, ২০১৫ দেখুন, ২০১৩ দেখুন। দেখুন একবার। তাই এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার ব্যাপার নয়। এটা ন্যায্য খেলার ব্যাপার।’

রেফারিং নিয়ে এত আপত্তি থাকলেও মুতাইরি একটি জমজমাট লড়াইয়ের আশা করছেন। বুধবার গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে বাংলাদেশের।

তিনি বলেন, ‘আমি কিছুতেই ভয় পাই না। ফুটবল মানে ১১ জনের বিপক্ষে ১১ জন। একটা কথা আমি দিচ্ছি, শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ হবে সাফ কাপের ইতিহাসের সেরা ম্যাচ। আমরা আমাদের সেরাটা দেব, ওরাও ওদের সেরাটা দেবে। বাংলাদেশের জন্য আমাদের দুই গোলের ব্যবধানে হারানো খুব জরুরি। তাই আমরা মাঠে নেমে সর্বোচ্চটা দেব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status