ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 November, 2026, 10:07 AM

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন

শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

রোববার (৮ নভেম্বর) অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেন। বিচ্ছিন্ন কয়েকটি কারখানায় কিছু সমস্যা দেখা দিলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে তা সমাধান হয়। সার্বিকভাবে শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আশা করি, পরিস্থিতি পুরোপুরি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, রোববার দেশের প্রায় সব শিল্পাঞ্চলের কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। আশুলিয়ার কয়েকটি কারখানায় সকালে কিছু সমস্যা দেখা দিলেও পরে সেগুলোর সমাধান হয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকায় শিল্পাঞ্চলগুলোতে বড় ধরনের কোনো শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইসরাইল হাওলাদার জানান, রোববার সকালে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে বিভিন্ন দাবি তুলে কাজ বন্ধ রাখেন। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে পর্যায়ক্রমে কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়।

তিনি জানান, দু-একটি কারখানায় অক্টোবর মাসের বেতন রোববার পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা দিতে পারেনি। এ কারণে সেসব কারখানার কিছু শ্রমিক দুপুরের খাবারের বিরতির পর কর্মস্থল ত্যাগ করেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জসহ শিল্পাঞ্চলগুলোর কোথাও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সড়ক অবরোধ, বিক্ষোভ বা বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জের একটি কারখানায় সকালে শ্রমিকরা কাজ বন্ধ রেখে অবস্থান নিলেও পরে কাজে ফিরে যান।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা কারখানা ছেড়ে রাস্তায় নামেননি। কর্মস্থলে শান্তিপূর্ণভাবে অবস্থান করে কাজ করেছেন। কর্মদিবস শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। সূত্র: বাসস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status