চট্টগ্রামে নিউমার্কেটে দিনের বেলা হকারমুক্ত , বিকেল হলেই আবার ফুটপাত দখল
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 5 November, 2026, 5:56 PM
চট্টগ্রামে নিউমার্কেটে দিনের বেলা হকারমুক্ত , বিকেল হলেই আবার ফুটপাত দখল
একসময় যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হকারদের পসরা, ক্রেতাদের ভিড় আর হাঁকডাকে পথ চলাই ছিল দায়, সেই চট্টগ্রামের ব্যস্ততম নিউমার্কেট মোড় এখন দিনের বেলায় অনেকটাই ফাঁকা। ফুটপাত ও সড়কের পাশে নেই কাঠ-স্টিলের অস্থায়ী দোকান, ত্রিপল কিংবা পলিথিনের ছাউনি। জামা-কাপড়, জুতা, ঘড়ি কিংবা শীতের পোশাকের পসরা সাজিয়ে বসতেও দেখা যাচ্ছে না হকারদের। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করছেন। স্বস্তি ফিরেছে আশপাশের বিপণিকেন্দ্রগুলোর দোকানিদের মধ্যেও।
নিউমার্কেট এলাকায় এমন দৃশ্য অনেকের কাছেই একসময় ছিল কল্পনার মতো। তবে এই পরিবর্তন স্থায়ী নয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটপাত দখলমুক্ত থাকলেও বিকেল গড়াতেই শুরু হয় হকারদের আনাগোনা। বিকেল ৫টার পর থেকে ধীরে ধীরে ফুটপাতে বসে দোকান। রাত পর্যন্ত চলে বেচাকেনা।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিউমার্কেট এলাকার হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে সময় নির্ধারণ করে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টার আগে হকারদের বসার সুযোগ নেই। তবে এ নিয়ম পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কিছু হকার সকালে বসার চেষ্টা করেন। আবার অনেকে দোকান সাজানোর খাট, টেবিল ও অন্যান্য সরঞ্জাম ফুটপাতেই রেখে যান। সুযোগ পেলেই সেগুলো ব্যবহার করে দোকান বসানোর চেষ্টা চলে। এ নিয়ে মাঝেমধ্যে চসিকের উচ্ছেদ কর্মীদের সঙ্গে হকারদের লুকোচুরি পরিস্থিতিও তৈরি হচ্ছে।
এর আগে ২০২৩-২৪ সালে নিউমার্কেট এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি করপোরেশন ও পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে মেয়র ও প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর কঠোর অবস্থানের ফলে এবার বড় ধরনের সংঘর্ষ ছাড়াই দিনের বেলায় ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ দৃশ্যমান হয়েছে। বিষয়টি নগরবাসীর দৃষ্টি কেড়েছে।
সরেজমিনে দেখা যায়, দিনের বেলায় নিউমার্কেট মোড়ের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা। আগে যেখানে হকারদের দোকান ঘিরে মানুষের জটলা তৈরি হতো, সেখানে এখন হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত থাকায় ছিনতাই, পকেটমার ও ইভটিজিংয়ের মতো অপরাধের ঝুঁকিও কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
সরকারি সিটি কলেজের ছাত্রী আমেনা বেগম বলেন, ছোটবেলা থেকে নিউমার্কেটের ফুটপাত হকারমুক্ত দেখেননি। এবারই প্রথম এমন দৃশ্য দেখেছেন। তাঁর মতে, প্রশাসন আন্তরিক হলে জনস্বার্থে কঠিন কাজও বাস্তবায়ন করা সম্ভব। ফুটপাত মানুষের হাঁটার জায়গা, দোকান বসানোর নয়। হকারদের দখলের কারণে পথচারীদের চলাচলে সমস্যা হয়। পাশাপাশি ছিনতাইকারী ও পকেটমারদের উৎপাত করার সুযোগ তৈরি হয়। দিনের বেলা ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
নিউমার্কেটের বাটা শোরুমের পাশের এক দোকানি বলেন, দিনের বেলায় হকারমুক্ত ফুটপাত তাঁর কাছে নতুন অভিজ্ঞতা। বিপণিকেন্দ্রের দোকানিরা দোকানের অগ্রিম জামানত, পুঁজি, ভাড়া ও কর্মচারীদের বেতনসহ নানা খরচ বহন করেন। কিন্তু হকাররা ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল করে রাখায় ক্রেতারা অনেক সময় মূল দোকান পর্যন্ত পৌঁছাতে পারেন না। এতে বৈধভাবে ব্যবসা করা দোকানিরা ক্ষতিগ্রস্ত হন। তাঁর মতে, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কোনো খোলা জায়গায় সন্ধ্যার পর ব্যবসার সুযোগ দেওয়া যেতে পারে।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান বলেন, বিপণিকেন্দ্রগুলোতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেও দোকান মালিকদের লোকসান গুনতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর ওপর ব্যস্ত বিপণিকেন্দ্রগুলোর সামনে হকারদের দখল ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন করে অনলাইনে ব্যবসার নামে প্রতারণাও দোকানমালিকদের জন্য সমস্যা তৈরি করেছে।
তিনি বলেন, দোকানের অগ্রিম জামানত, মাসিক ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ মিটিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় হকারদের শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু সময় নির্ধারণ করলেই হবে না, তা কঠোরভাবে কার্যকর করতে হবে। পাশাপাশি প্রকৃত হকারদের তালিকা তৈরি করে তাঁদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে হকারদের জীবিকার বিষয়টিও সামনে এসেছে। দীর্ঘ ৩৫ বছর চট্টগ্রাম হকার সমিতির নেতৃত্ব দেওয়া নুরুল আলম লেদু বলেন, স্বাধীনতার পর থেকে নিউমার্কেট মোড় ও আশপাশের ফুটপাতে আড়াই থেকে তিন হাজার হকার বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের অনেকেই বংশপরম্পরায় এ পেশায় যুক্ত। দীর্ঘদিন ধরে স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
তিনি বলেন, সিটি করপোরেশন হকারদের শৃঙ্খলার মধ্যে আনার যে উদ্যোগ নিয়েছে, সেটিকে তাঁরা স্বাগত জানান। তবে হকারদের সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন। শীত মৌসুম বিবেচনায় বিকেল ৫টার পরিবর্তে ৩টা থেকে বসার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। কারণ, পণ্য সাজিয়ে দোকান প্রস্তুত করতে হকারদের কয়েক ঘণ্টা সময় লাগে।
নিউমার্কেটের বর্তমান পরিস্থিতিতে একদিকে ফুটপাত দখলমুক্ত রাখায় পথচারী ও দোকানমালিকদের স্বস্তি তৈরি হয়েছে, অন্যদিকে হকারদের জীবিকার বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই। ফলে নির্ধারিত সময় মেনে ব্যবসা পরিচালনা, ফুটপাত ও সড়ক দখল বন্ধ এবং প্রকৃত হকারদের তালিকা তৈরির পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা এখন বড় চ্যালেঞ্জ।
দিনের বেলায় নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত রাখার যে উদ্যোগ শুরু হয়েছে, সেটি কতটা নিয়মিত ও টেকসই করা যায়, তার ওপরই নির্ভর করছে নগরীর এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার শৃঙ্খলা ও পথচারীদের স্বস্তি।