ফ্রিজ কাপ ফুটবল: শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ
আনিসুর রহমান,মাধবপুর
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 8:11 PM
ফ্রিজ কাপ ফুটবল: শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐরে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী ‘আদাঐর ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টের ফাইনালে সেমড়া ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ একাদশকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে আদাঐর সালমান ট্রেডার্স একাদশ।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো আদাঐর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে সমবেত হন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক, সিরাজুল ইসলাম তানজিল, মাসুদুর রহমান মাসুক, আল আমিন ইসলাম এবং ফজলুল রহমান বুলেট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজব আলী।টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আব্দুল কাইয়ুম জানান, খেলাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। দর্শকদের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।খেলা শেষে চ্যাম্পিয়ন আদাঐর সালমান ট্রেডার্স একাদশের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে আকর্ষণীয় ফ্রিজ কাপ ও ট্রফি তুলে দেওয়া হয়। একই সাথে রানার্সআপ দল সেমড়া ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ একাদশকেও পুরস্কৃত করা হয়।স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের সুস্থ বিনোদন ও আয়োজন এলাকার তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।