ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা: মৎস্যমন্ত্রী
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:22 PM
ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা: মৎস্যমন্ত্রী
ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ এবং সেসব পদক্ষেপ বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জেলেদেরও এগিয়ে আসতে হবে। জেলেদের মধ্যে এমন সচেতনতা তৈরি করতে হবে, যাতে তাঁরা বুঝতে পারেন, মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে প্রধান অতিথি নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।