ছেলের সন্ধান না পেয়েই মারা গেলেন নাসিমা খান, কী হয়েছিল নাবিলের?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 October, 2026, 3:58 PM
ছেলের সন্ধান না পেয়েই মারা গেলেন নাসিমা খান, কী হয়েছিল নাবিলের?
ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষা আর শেষ হলো না। নিখোঁজ ছোট ছেলের কোনো খোঁজ না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছিলেন ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নাসিমা খান। ছেলেকে খুঁজে পাওয়ার সেই অপেক্ষা অপূর্ণ রেখেই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।
মায়ের মৃত্যুর পরও নিখোঁজ রয়েছেন ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল। অন্যদিকে, বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। তার দেশে ফেরার পরই মায়ের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে নাসিমা খানের জীবনের শেষ অধ্যায় ঘিরে তৈরি হয়েছে বেদনার আবহ। বিজ্ঞাপন
নাবিল নাছির রহমান কুশল চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস এলাকা থেকে নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে না পাওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন নাসিমা খান।
নাসিমা খান সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি ছোট ছেলে কুশল ও গৃহকর্মীদের নিয়ে স্বপ্নবিলাসের নিজস্ব ফ্ল্যাটে বসবাস করতেন। তার বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। ছোট ছেলে কোনো কাজ না করলেও সংসারে সুখেই দিন কাটছিল বলে জানান তিনি।
নাসিমার ভাষ্য অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় কুশল তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় আশুলিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন নাসিমা খান। বিজ্ঞাপন
ছেলেকে খুঁজে না পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম জানিয়েছিলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নাসিমা খানের নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছে ঢাকা উত্তর ডিবি পুলিশ। কিন্তু তাকে আর উদ্ধার করা যায়নি।
বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করে একসময় পরিচিতি পাওয়া নাসিমা খান রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।