|
যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের। আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।’ ট্রাম্প আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।’ তবে যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্পের এই আশাবাদী মন্তব্যের মধ্যেই ইরানের পক্ষ থেকে পালটা বক্তব্য এসেছে। পাশাপাশি, ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের জ্বালানিমন্ত্রী মার্কিন যুদ্ধের চাপের কারণে পদত্যাগ করেছেন—ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই বক্তব্যকে নিজের ব্যর্থতা আড়াল করার একটি নিষ্ফল প্রচেষ্টা বলে অভিহিত করেছেন তিনি। মোহাজেরানি বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নমনীয়তার উদাহরণ। এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের জ্বালানিমন্ত্রী সদ্য পদত্যাগ করেছেন। তার দাবি অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘আমাদের কোনও অর্থনীতি নেই, আমাদের কোনও তেল নেই, আমাদের কিছুই নেই।’ তবে ইরান সরকারের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হননি। জ্বালানিমন্ত্রীর পদত্যাগকে যুদ্ধের চাপে ইরানের দুর্বল হয়ে পড়ার প্রমাণ হিসেবে দেখানোর প্রচেষ্টাও নাকচ করে দিয়েছেন তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
