|
মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগ, বদলেছে পুরোনো ধারা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগ, বদলেছে পুরোনো ধারা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার বাহিনীর ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন প্রায় এক হাজার চাকরিপ্রার্থী। নিয়োগের বিভিন্ন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ধাপেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অর্জনকারীদের মধ্য থেকে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। নিয়োগ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে একাডেমির প্রশাসনিক ভবনের মিলনায়তনে ‘আনসার বাহিনীর সংস্কার ও ভিশন-৩৬’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অতীতে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল। বর্তমানে এসব অনৈতিকতার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেধা ও যোগ্যতাই এখন নিয়োগের প্রধান ভিত্তি। তিনি বলেন, নিয়োগ পদ্ধতিতে এই যুগান্তকারী পরিবর্তন বাস্তবে কীভাবে কার্যকর হচ্ছে, তা সরেজমিনে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ এবং চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আরও স্পষ্ট হবে। নিয়োগে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরাও নতুন এই পদ্ধতিতে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, তদবির বা অর্থের প্রভাব ছাড়াই মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ তৈরি হওয়ায় তারা উৎসাহিত। মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানোত্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার উদ্যোগ এবং অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচিও তুলে ধরা হয়। প্রশাসনিক সংস্কার, বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বৈদেশিক ভাষা শিক্ষা ও কুটির শিল্পের কাজের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। বাহিনীর কর্মকর্তারা জানান, সংস্কার কার্যক্রমের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও দক্ষ, আধুনিক, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে নিয়োগসহ বাহিনীর বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে সাধারণ ও বঞ্চিত তরুণদের মধ্যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আস্থা আরও বাড়বে। পাশাপাশি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আনসার বাহিনীতে আরও দক্ষ ও যোগ্য জনবল যুক্ত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
