|
সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা
নতুন সময় ডেস্ক
|
![]() সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, সবার দোয়া, ভালোবাসা ও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই বিপদমুক্ত। দূর-দূরান্ত থেকে যারা হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন এবং যারা যেতে না পারলেও দূর থেকে তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মেঘলা বলেন, প্রায় ৯-১০ ঘণ্টার অস্ত্রোপচারের সময় অনেকেই হাসপাতালের ওটির বাইরে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করেছেন। পরে মোবাইল হাতে পাওয়ার পর অসংখ্য মেসেজ, দোয়া ও ভালোবাসা পেয়েছেন বলেও জানান তিনি। দুর্ঘটনায় মুখে বেশ কিছু ক্ষত ও দাগ হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, এসব ক্ষত সারতে সময় লাগবে। দুর্ঘটনার আঘাত পুরো মুখের ওপর দিয়ে যাওয়ায় অনেক সেলাইয়ের দাগ এখনও স্পষ্ট। নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়াটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেঘলা বলেন, একজন অভিনেত্রীর কাছে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনয় তার কাজ, ভালোবাসা ও স্বপ্ন। সেই চেহারায় হঠাৎ করে এতগুলো ক্ষত, সেলাই ও দাগ দেখতে হওয়াটা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টের। তবে তিনি হাল ছাড়তে চান না এবং ধীরে ধীরে এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন বলে আশাবাদী। দুর্ঘটনা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলেও জানান মেঘলা। এ বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, তার অ্যাডমিন প্যানেল থেকে আগে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটিই সত্য। রাস্তা পার হওয়ার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ইতোমধ্যে বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ঘটনার বিস্তারিত জানাতে চান না তিনি। সুস্থ হয়ে সবার সামনে এসে দুর্ঘটনার পুরো ঘটনা, নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন। দুর্ঘটনার পর আপাতত কিছুদিন নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেঘলা। ক্ষত সারিয়ে পুরোপুরি সুস্থ হতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনার কারণে তার কয়েকটি কাজ পিছিয়ে যেতে পারে। বেশ কিছু স্ক্রিপ্ট পড়া এবং নতুন কয়েকটি কাজ শিগগিরই শুরুর কথা থাকলেও সেগুলোর কিছু পিছিয়ে যেতে পারে বলে জানান তিনি। তবে সবকিছুর আগে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং আবার দাঁড়িয়ে যাওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন মেঘলা। প্রয়োজন অনুযায়ী দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। সময়, চিকিৎসা, নিজের মানসিক শক্তি এবং মানুষের দোয়া সবকিছু মিলিয়ে আবারও সবার সামনে ফিরতে পারবেন বলে আশাবাদী এই অভিনেত্রী। মেঘলার ভাষায়, হয়তো একটু সময় লাগবে, হয়তো আগের মতো হতে কিছুটা পথ হাঁটতে হবে। তবে তিনি ফিরবেন তার কাজ, স্বপ্ন ও ভালোবাসার মানুষদের জন্য। গত ২৯ জুলাই রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মেঘলা মুক্তা। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত শারীরিক অবস্থার আপডেট জানানো হয়। মডেলিং ও র্যাম্পের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মেঘলা মুক্তা। ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বাংলাদেশে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
