ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
মাধবপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে দীর্ঘ যানজট
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Sunday, 9 August, 2026, 5:59 PM

মাধবপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে দীর্ঘ যানজট

মাধবপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে দীর্ঘ যানজট

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status