|
প্রকৌশল প্রযুক্তি শিল্পে নতুন দিগন্ত, যাত্রা শুরু ড্যাফোডিল সিএই সেন্টারের
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রকৌশল প্রযুক্তি শিল্পে নতুন দিগন্ত, যাত্রা শুরু ড্যাফোডিল সিএই সেন্টারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্র দেশের প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন শিল্পে আধুনিক সিমুলেশন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গামা টেকনোলজিস ইনকর্পোরেটেডের কো-ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. সাঈদ ওয়াহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি এবং ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেটেড লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান, বেসিসের সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাশেম, ড্যাফোডিল গ্রুপের সিইও ড. নূরুজ্জামান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা। সম্প্রতি ডিআইইউ, প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো দেশে কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিংভিত্তিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্প-সহযোগিতা এবং আধুনিক প্রকৌশল দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে শিল্প গবেষণা, উদ্ভাবন এবং উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তি সেবার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, বিমান, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংসহ প্রায় সব আধুনিক শিল্পে কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিং অপরিহার্য প্রযুক্তিতে পরিণত হয়েছে। নতুন এই কেন্দ্র শিক্ষার্থী, গবেষক ও শিল্পপ্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে এনে বাস্তব শিল্প সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের সুযোগ তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটিতে সিস্টেম মডেলিং অ্যান্ড সিমুলেশন নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস (এফইএ), কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স (সিএফডি), মাল্টিফিজিক্স সিমুলেশন, ডিজিটাল টুইন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রি ৪.০, এআই-সহায়ক ইঞ্জিনিয়ারিং ডিজাইন, পাওয়ার ইলেকট্রনিক্স, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা এবং মেকাট্রনিক্সসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে। এর মাধ্যমে বাস্তব উৎপাদনের আগেই ডিজিটাল পরিবেশে নকশা, বিশ্লেষণ ও পরীক্ষার সুযোগ তৈরি হবে, যা সময়, ব্যয় এবং উৎপাদন ঝুঁকি কমাতে সহায়ক হবে। বিশ্বমানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রভিত্তিক গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড (জিটিআই) কেন্দ্রটির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চমূল্যের সিএই সফটওয়্যার লাইসেন্স প্রদান করেছে। এর ফলে দেশের শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাত আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং সিমুলেশন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বৈশ্বিক গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি, প্রজেক্ট প্রোমোটার্স প্রাইভেট লিমিটেড, ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেটেড লিমিটেড, সাইবারনেটিক্স হাই-টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং কার্ল বেঞ্জ অটো কেয়ারসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করবে কেন্দ্রটি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, শিল্প প্রকল্প এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. সবুর খান বলেন, দেশের ভবিষ্যৎ জ্ঞান, উদ্ভাবন ও উন্নত প্রকৌশল দক্ষতার ওপর নির্ভরশীল। ড্যাফোডিল সিএই সেন্টার শিক্ষা, গবেষণা ও শিল্পখাতকে একই প্ল্যাটফর্মে এনে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ড. সাঈদ ওয়াহিদুজ্জামান বলেন, এটি শুধু একটি ল্যাব নয়; আন্তর্জাতিক জ্ঞান বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং প্রকৌশল উদ্ভাবনের একটি কার্যকর প্ল্যাটফর্ম। অন্যদিকে মাহবুব জামান বলেন, এ কেন্দ্র বাংলাদেশের আইসিটি খাতে নতুন একটি উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তি সেবা খাত গড়ে তুলতে সহায়ক হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে। আয়োজকদের আশা, নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা, আন্তর্জাতিক কর্মশালা, পেশাগত সার্টিফিকেশন এবং শিল্প-একাডেমিয়া যৌথ কার্যক্রমের মাধ্যমে ড্যাফোডিল সিএই সেন্টার ভবিষ্যতে বাংলাদেশকে কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিং ও উন্নত প্রকৌশল প্রযুক্তির একটি আঞ্চলিক উৎকর্ষকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
