|
ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে বাইচুং ভুটিয়া
এটা অনেকটা অভাবী পরিবারের ছেলের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার মতো
নতুন সময় ডেস্ক
|
![]() এটা অনেকটা অভাবী পরিবারের ছেলের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতে তাদের ভক্তদের উন্মাদনা সম্পর্কে অবগত হয়ে এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মূল দল খেলানোর ব্যাপারে সায় দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। বর্তমানে বিশ্বের পঞ্চম র্যাঙ্কিংধারী দল ব্রাজিল। আর ভারত ১৩৮ নম্বরে। দুই দলের মধ্যে আকাশপাতাল তফাৎ। মাঠের পারফরম্যান্সের বাইরে ব্রাজিলিয়ান তারকাদের উপস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের ভাবনা রাজস্ব আয়। ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। তবে এমন ম্যাচের তাৎপর্য ধরতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। প্রথম ভারতীয় হিসেবে কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলা এই সাবেক তারকা বললেন, ‘আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি শেষ (আইএসএল থেকে বাদ), দলগুলো এশিয়ান গেমসে যাচ্ছে না এবং আমাদের ফিফা র্যাঙ্কিং এখন প্রায় ১৪০।’ ম্যাচের দিনক্ষণ নিয়েও দ্বিধাবিভক্ত বাইচুং, ‘তারিখটা দেখুন। আমি মনে করি এটা পাল্টানো উচিত। কারণ আপনি হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। কারণ তারা ফিফা আসিয়ান কাপে থাকবে। তাহলে কি তারা দ্বিতীয় সারির দল খেলাবে, তাও আবার ব্রাজিলের বিপক্ষে?’ ব্লু টাইগাররা পাকিস্তানের সঙ্গে ফিফা আসিয়ান কাপে আমন্ত্রিত দল হিসেবে খেলবে। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে ভারত। টুর্নামেন্টটি হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বাইচুং এমন আয়োজন নিয়ে হতাশ, ‘এই মুহূর্তে আমার মনে হয়, পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
